রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে সংঘটিত স্কুলছাত্রী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিয়ামকে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে আটক করা হয়েছে। উদ্ধার করা আলামতগুলো প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেল এলাকার একটি গলিতে শাহরিয়ার শারমিন বিন্তির ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

