AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা

নির্বাচন কমিশন (ইসি) শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শেরপুর-৩ আসনে গণভোট অনুষ্ঠিত হবে না বলে স্পষ্ট করেন তিনি।

ইসি সচিব জানান, সম্ভাব্য প্রার্থীরা ২ মার্চ মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়ন বিষয়ে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানালে ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত ছিল। কারণ গত ৩ ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের নিয়ে বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২।

এদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে, আর বাকি একটি আসনে বিজয়ী হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!