বাংলাদেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে একটি পরিপত্র প্রকাশ করেছে ইসি।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত পরিপত্রে বিষয়টি দেশের সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা অনুযায়ী অবিলম্বে কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে ভোটার তালিকা হালনাগাদ ও নাগরিক সেবা গ্রহণে তরুণদের অন্তর্ভুক্তি আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

