AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ থেকে রমজানের নতুন সূচিতে চলবে অফিস-আদালত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২২ এএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

আজ থেকে রমজানের নতুন সূচিতে চলবে অফিস-আদালত

পবিত্র রমজান মাস শুরু হওয়ায় সেহরি ও ইফতারের সময় বিবেচনায় আজ বৃহস্পতিবার থেকে নতুন সময়সূচিতে পরিচালিত হচ্ছে অফিস-আদালত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এই সূচি কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত দপ্তরের জন্য বিশেষ অফিস সময় নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান এবং জরুরি সেবা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় আলাদা সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ব্যাংকের অফিস সময় থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মাধ্যমে এই বিরতির সময়েও লেনদেন চালু রাখা যাবে।

একই সময়সূচি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা থাকবে এবং দুপুরে নামাজের বিরতি কার্যকর থাকবে। শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এদিকে রমজান মাসে আদালতের কার্যক্রমও বিশেষ সূচিতে পরিচালিত হবে। রোববার থেকে বৃহস্পতিবার আদালতের বিচারিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস সময় থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি নির্ধারিত থাকবে।

রমজান উপলক্ষে এ নতুন সময়সূচির ফলে কর্মকর্তা-কর্মচারীদের ধর্মীয় ইবাদত ও দাপ্তরিক কার্যক্রমের মধ্যে সমন্বয় সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!