প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ ধাপে উন্নীত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে চীনের সঙ্গে বাংলাদেশের আটটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে মোংলা বন্দর এবং চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) নির্মাণসংক্রান্ত চুক্তিও রয়েছে। এছাড়া তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতায় সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে।
তিনি আরও বলেন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ সময় তিনি অন্য একটি দেশের সরকারপ্রধানের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত রেখে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন, যা দুই দেশের সম্পর্কের গভীরতার প্রতিফলন।
ড. খলিলুর রহমান জানান, কুনমিং থেকে বাংলাদেশ পর্যন্ত সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে বেইজিং। তবে এ বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
মালয়েশিয়া সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় এ সফরও উল্লেখযোগ্য সাফল্য বয়ে এনেছে। সফরে সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ে দুটি নোট অব ভার্বাল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের লক্ষ্যে কাজ করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
তিনি আরও জানান, মালয়েশিয়ায় বসবাসরত প্রায় দুই লাখ রোহিঙ্গার বিষয়ে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের নীতিগত প্রশ্নে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশকে উন্নয়নের নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে দেখতে চান। একই সঙ্গে ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) মতো আন্তর্জাতিক জোটে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় চীন সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

