AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে দ্রুত সংস্কার কার্যক্রম চলছে: বাণিজ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৫ পিএম, ২৭ জুন, ২০২৬

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে দ্রুত সংস্কার কার্যক্রম চলছে: বাণিজ্যমন্ত্রী

দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা জোরদারে সরকার ব্যবসা, বন্দর ও জ্বালানি খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে ‘শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক শিল্প থেকে। বিজিএমইএকে দেশের অন্যতম শক্তিশালী ও সংগঠিত ব্যবসায়ী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, চামড়া, পাট, লাইট ইঞ্জিনিয়ারিং ও জাহাজ নির্মাণ শিল্পের সম্ভাবনা থাকলেও স্বল্পমেয়াদে এসব খাত তৈরি পোশাক শিল্পের সমপর্যায়ে পৌঁছাবে না। তাই জাতীয় অর্থনীতিতে পোশাক খাতের গুরুত্ব অপরিসীম।

তিনি জানান, বর্তমানে একটি ব্যবসা শুরু করতে এবং প্রয়োজনীয় লাইসেন্স পেতে গড়ে ৩৫৫ দিন সময় লাগে। সরকার এই সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, কোম্পানি নিবন্ধনের ১৪ দিনের মধ্যেই উদ্যোক্তারা আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) এবং অন্যান্য প্রয়োজনীয় প্রাথমিক অনুমোদন পাবেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পৃথক পরিদর্শনের পরিবর্তে সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালু করা হবে। এতে উদ্যোক্তাদের হয়রানি কমবে এবং শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের সময়ও কমে আসবে।

তিনি জানান, ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় ট্রেড লাইসেন্স, কোম্পানি নিবন্ধন, শেয়ার হস্তান্তর ও কোম্পানি বিলুপ্তিসহ বিভিন্ন সেবা অনলাইনে দেওয়া হবে। এ ক্ষেত্রে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সফল মডেল অনুসরণ করা হচ্ছে।

বন্দর ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপারেটরদের সম্পৃক্ত করার মাধ্যমে কার্গো পরিচালনার দক্ষতা বাড়বে, জাহাজের অপেক্ষার সময় কমবে এবং পরিবহন ব্যয় হ্রাস পাবে। এতে রপ্তানিকারক ও আমদানিকারকরা বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবেন।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এলএনজি আমদানি এবং আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৫৫০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন শুরু করতে পারেনি। তাই নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আধুনিক, দক্ষ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, যাতে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগ ও বাণিজ্যের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক, প্রতিষ্ঠাতা কামাল আহমেদ, ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং, এইচএসবিসি ব্যাংকের হেড অব সাসটেইনেবিলিটি সৈয়দা আফজালুন নেসাসহ ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ, ঊর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফসহ বিভিন্ন ব্যবসায়ী নেতাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!