ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্তের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যত দ্রুত সম্ভব জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের দপ্তরকে (ওএইচসিএইচআর) এ ঘটনার তদন্তে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক তদন্তে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
এ বিষয়ে একই রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন, সরকার এ মামলায় স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে দৃঢ় অবস্থানে রয়েছে।
এদিকে সরকারের এই সিদ্ধান্তের সময়েই হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর আগে সন্ধ্যা ৭টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সংগঠনটির কর্মীরা যমুনার দিকে অগ্রসর হন এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যমুনা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
পরদিন ১৯ ডিসেম্বর হাদির মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ এলাকায় তাকে দাফন করা হয়।
হাদিকে গুলি করার ঘটনার দুই দিন পর ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

