জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ হিসেবে পাওয়া যাবে ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন প্রকল্প রয়েছে। এছাড়া ৬টি প্রকল্প সংশোধন করা হয়েছে এবং ৫টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
সভায় গৃহীত উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে দেশের উত্তরাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক হাজার শয্যা বিশিষ্ট ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ স্থাপন প্রকল্প। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনীও অনুমোদন পেয়েছে।
যোগাযোগ খাতের উন্নয়নে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দোহাজারী-রামু-কক্সবাজার সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও সভায় পাস হয়।
এ ছাড়া যুব ও তথ্যপ্রযুক্তি খাতের দক্ষতা উন্নয়নে শিক্ষিত কর্মপ্রত্যাশীদের জন্য ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির একটি সংশোধিত প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি স্কুলবহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের প্রকল্পেও একনেক সম্মতি দেয়।
সভায় কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্তও গৃহীত হয়। এর মধ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র এবং খুলনা নভোথিয়েটার প্রকল্প দুটি অসমাপ্ত অবস্থায় সমাপ্ত করার বিষয়েও সিদ্ধান্ত জানানো হয়।
একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

