ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির শেষ দিন আজ রোববার (১৮ জানুয়ারি)।
সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শেষ দিনের শুনানি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, আজ অবশিষ্ট সব আপিলের শুনানি সম্পন্ন করা হবে। এ পর্যন্ত কমিশন ৪০০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। অন্যদিকে ২০০টি মনোনয়ন বাতিল এবং ৩০টি আবেদন স্থগিত রয়েছে।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে ১১২টি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এতে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। এর মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে দুটি আপিল অনুমোদন পায়। এদিন ৩৭টি আপিল নামঞ্জুর করা হয়, যার মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন ছিল।
এ ছাড়া শুনানির সময় ৯টি আপিল আবেদন প্রত্যাহার করা হয়, দুইজন আপিলকারী অনুপস্থিত ছিলেন এবং ১৯টি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

