আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সফর শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দল। এ পর্যায়ে ৫৬ জন পর্যবেক্ষক মাঠপর্যায়ে কাজ করবেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ইইউ পর্যবেক্ষকরা বিভাগীয় শহরগুলোর উদ্দেশে রওনা হন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের উপ-প্রধান ইনতা লাসে। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভাব রয়েছে কি না—তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে ইইউ।
তিনি আরও বলেন, “২০২৪ সালে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি। এই নির্বাচন ঢাকার জন্য একটি ঐতিহাসিক নির্বাচন।”
ইনতা লাসে আশাবাদ ব্যক্ত করে বলেন, পর্যবেক্ষক দল নিরাপদ পরিবেশে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাবে।
তিনি জানান, নির্বাচনের সময় ঘনিয়ে এলে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে ভোটের দিনে প্রায় ২০০ জন ইইউ পর্যবেক্ষক মাঠে সক্রিয় থাকবেন।
পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয়, তারা নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশীয় নাগরিক পর্যবেক্ষক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

