প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আপাতত তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং আজকের মতো আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বাংলা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় জানানো হয়, বৃহস্পতিবার থেকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুরু হবে।
রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার এলাকায় একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, আজকের কর্মসূচি সাময়িকভাবে শেষ হলেও মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবেন না।
আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, এটি কোনো এক দিনের কর্মসূচি নয়; বরং নিজেদের ভবিষ্যৎ ও ন্যায্য অধিকার আদায়ের দীর্ঘমেয়াদি আন্দোলন। তারা জানান, শিক্ষাই তাদের জীবনের প্রধান আশা, আর সেই লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি প্রত্যাশাও বাড়ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

