আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৭ জানুয়ারি থেকে সারাদেশে ভোট পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রাথমিকভাবে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচনী পর্যবেক্ষক মাঠে নামবেন বলে জানিয়েছে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে অবস্থানরত ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা। এ সময় মিশনের রাজনৈতিক বিশ্লেষক মারসেল নেগি এবং নির্বাচন বিশ্লেষক ভাসিল ভাসচেনকা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ইইউ প্রতিনিধিরা জানান, ১৭ জানুয়ারি থেকে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা দেশের বিভিন্ন এলাকায় মোতায়েন হয়ে নির্বাচনী প্রস্তুতি ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং নিয়মিতভাবে মূল মিশনে প্রতিবেদন পাঠাবেন। পাশাপাশি ভোটগ্রহণ, ভোট গণনা ও ফল ঘোষণাসহ নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ ধাপগুলো পর্যবেক্ষণের জন্য নির্বাচনের আগে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন।
ইইউ প্রতিনিধিরা বলেন, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও সামগ্রিক মূল্যায়ন উপস্থাপন করবে। নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হবে এবং এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রমে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

