বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই সিদ্ধান্ত জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “আজ পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।”
ড. মুহাম্মদ ইউনূস তার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং কর্মী-সমর্থকের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “মহান আল্লাহ আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।”
প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার রাজনীতিতে অবদান স্মরণ করে বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা অম্লান। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখিয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান চিরস্মরণীয়।”
তিনি আরও বলেন, “তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল ভূমিকা অবিস্মরণীয়। এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়।”
দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা আহ্বান জানান, “এই শোকাবহ মুহূর্তে আসুন আমরা সবাই আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে দেশের কঠিন সময়ে সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকুন। আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করি।”
একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি থাকবে। সব শোক অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
শেষে প্রধান উপদেষ্টা বলেন, “আমি জানি, এই মুহূর্তে সবাই আবেগাপ্লুত। আশা করি, শোকের এই সময়ে ধৈর্য বজায় রাখবেন এবং জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা পালনে সহযোগিতা করবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দিন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

