AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৮ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে আরও সক্ষম করতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সরকার ধাপে ধাপে নাগরিক সেবাসমূহ অনলাইন প্ল্যাটফর্মে স্থানান্তর করছে। বর্তমানে দেশ ও দেশের বাইরে বসেও অনেক সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে। এসব ডিজিটাল সেবা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা অপরিহার্য।

নাগরিক সেবাসংক্রান্ত খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে সাইবার সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, সাইবার সুরক্ষা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ব্যবহৃত সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়মিত হালনাগাদ করতে হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তায় নিয়োজিত জনবলের দক্ষতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।

প্রধান উপদেষ্টা জানান, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট জনবলকে একটি মান নির্ধারণমূলক রেটিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিতে হবে, যাতে সাইবার সুরক্ষা সক্ষমতার প্রকৃত মূল্যায়ন সম্ভব হয়।

আর্থিক খাতে সংঘটিত সাইবার অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, ফিনান্সিয়াল সেক্টরে কোনো অপরাধী যেন দায়মুক্তি না পায়, সে বিষয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ‘ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে আরও প্রতিষ্ঠানকে এ তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন তিনি।

এছাড়া আসন্ন নির্বাচনকে ঘিরে গুজব, ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারসহ সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসি’র মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সভায় বলেন, ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং আরও কিছু কার্যক্রম বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। তিনি সেক্টরভিত্তিক সার্ট (CERT) গঠনের উদ্যোগের প্রশংসাও করেন।

জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্যসচিব ও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান প্রেজেন্টেশনের মাধ্যমে সংস্থাটির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ‘সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং অ্যান্ড রেসপন্স সিস্টেম’-এর বিস্তারিত তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

উল্লেখ্য, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ প্রণয়নের পর গত ২৬ আগস্ট সংশোধিত অধ্যাদেশের আওতায় রাষ্ট্রীয় ও নাগরিক পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ সদস্যবিশিষ্ট জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠন করা হয়। এই কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!