AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৫ এএম, ২২ ডিসেম্বর, ২০২৫

যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন ঘিরে নেওয়া নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

পুলিশের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে সংঘটিত হামলার ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহভাজনদের ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ইতোমধ্যে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ছয়জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে তিনজনকে শনাক্ত করা হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ওসমান হাদি হত্যাকাণ্ডসহ যেকোনো ধরনের অবৈধ ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!