ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছেন । বিভিন্ন দিক থেকে স্লোগান দিতে দিতে মিছিল এসে এভিনিউয়ে মিলিত হচ্ছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, মিছিলকারীরা ‘যুগে যুগে হাদি হবো, সংগ্রাম চালিয়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যাবে না’—এমন নানা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন।
জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবেশমুখগুলোতে সেনাবাহিনীর টহলের পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, জোহরের নামাজের পর শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীতে নির্বাচনী কার্যক্রম শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
গতকাল সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মরদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

