AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩২ এএম, ২০ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।

এদিকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শরিফ ওসমান হাদির মরদেহ বর্তমানে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে সংরক্ষণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্যমতে, আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

ইনকিলাব মঞ্চ আরও জানিয়েছে, পরিবারের ইচ্ছানুযায়ী জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মদানকারী শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন তিনি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!