ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাকে বহনকারী ফ্লাইট অবতরণের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে মরদেহটি বের করা হবে। এই উপলক্ষে পুরো বিমানবন্দর এলাকা কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
শুক্রবার দিনভর বিমানবন্দর এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রবেশপথগুলোতে বাড়তি তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন জেলা থেকে বহু মানুষ হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হচ্ছেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখার ইসলাম জানান, মরদেহ বহনের নির্ধারিত গেটকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য ভিআইপি আগমনের বিষয়টি বিবেচনায় রেখে ভিআইপি গেটেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। মরদেহটি মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দেশে আনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং ভাঙচুরের ঘটনাও ঘটে।
এর আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ নভেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে দেশে চিকিৎসা নেওয়ার পর গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

