আততায়ীর গুলিতে আহত হয়ে টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে সিঙ্গাপুরে ইন্তেকাল করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তার মরদেহ বহনকারী বিমান ইতোমধ্যে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ নম্বর ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সন্ধ্যা প্রায় ৫টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। মরদেহটি সম্মান ও নিরাপত্তার সঙ্গে দেশে পৌঁছাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পর রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় এবং কোথাও কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটে।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

