ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সংগঠনটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘আমি কে, তুমি কে—হাদি, হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।
একই সময়ে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও হাদি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বায়তুল মোকাররম এলাকায় আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে প্রচার চালাচ্ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, গুলি তার মাথার ডান দিক দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

