রংপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।
শনিবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় তিনি বলেন, শুরুর দিকে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ বাহিনীও পুনরায় সংগঠিত হয়ে দায়িত্ব পালনে প্রস্তুত। তার মতে, আসন্ন জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার মূহূর্ত।
তিনি জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং এটিকে “আদর্শ নির্বাচন” হিসেবে উপস্থাপনের লক্ষ্য রয়েছে সরকারের।
শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে কথা বলতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, জনগণের কল্যাণে এই দুই খাতে দ্রুত অগ্রগতি প্রয়োজন। সাম্প্রতিক সময়ে চিকিৎসক ও নার্স সংকট দূর করতে সরকারের পক্ষ থেকে তিন হাজার চিকিৎসক এবং সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।
আলু রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে নিয়মিত আলু আমদানি করে এমন দেশের সংখ্যা খুব কম, ফলে বিশেষ পরিস্থিতি ছাড়া রপ্তানির ক্ষেত্রটি সীমিতই থাকে।
বিদেশে কর্মসংস্থান বিষয়ে তিনি উল্লেখ করেন, দক্ষতার অভাবে বাংলাদেশের শ্রমিকরা বিদেশে প্রত্যাশিত বেতন পান না। বিশেষ করে নার্সিং খাতে বৈশ্বিক চাহিদা অত্যন্ত বেশি—যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে পারলে দেশের অর্থনীতি আরও লাভবান হবে।
সভায় রংপুর অঞ্চলে দেশি ছোট জাতের গরুর মাংসের মানের প্রশংসা করে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরকে এর বাণিজ্যিক উৎপাদন সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
চার দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করছেন। আজ বিকেলে তার রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শনের কথা রয়েছে। আগামীকাল কিশোরগঞ্জের মাগুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সৈয়দপুর হয়ে ঢাকায় ফিরবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

