দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
কাতারভিত্তিক আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করেছে, শিরোনাম: ‘দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান’।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম: ‘নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’। একইভাবে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি একই ধরনের শিরোনামে খবর দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোও খবর প্রকাশ করেছে। এনডিটিভি শিরোনাম দিয়েছে: ‘১৭ বছর পর স্ত্রী-কন্যা ও বিড়ালকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান’। এছাড়া হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দুসহ আরও বেশ কিছু আন্তর্জাতিক মাধ্যম এই ঘটনা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান। দীর্ঘ সেই অপেক্ষার পর অবশেষে মাতৃভূমিতে ফিরে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

