পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ স্থগিতাদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।
রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
রিট আবেদনের আগে গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার রীতি প্রচলিত রয়েছে, যা আইন ও প্রথার অংশ হিসেবে বিবেচ্য।
নোটিশে আরও উল্লেখ করা হয়, রমজান মাসে বিদ্যালয় খোলা থাকলে রোজাদার শিক্ষার্থীদের জন্য তা কষ্টকর হয়ে দাঁড়ায় এবং ধর্মীয় চর্চায় বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকলে নগর এলাকায় যানজট বৃদ্ধি পেয়ে জনদুর্ভোগের আশঙ্কাও রয়েছে।
আইনি নোটিশের কোনো জবাব না পাওয়ায় রিট আবেদন করা হয়। পরবর্তীতে হাইকোর্ট আদেশ দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

