বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এখন এই রায় কার্যকর করতে অপেক্ষা করতে হবে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ের জন্য, কারণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ইতিমধ্যেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, “হাইকোর্টের রায়ে আমরা সন্তুষ্ট নই, তাই আপিল করেছি। আপিল বিভাগে আমরা সাজা কমানোর পক্ষে যুক্তি উপস্থাপন করব। সর্বোচ্চ আদালতে ন্যায়বিচার পাব বলে আশা করছি।”
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগেও হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকবে বলে তারা আশাবাদী। তাদের মতে, চূড়ান্ত রায় ঘোষণার পর শাস্তি কার্যকরে আর কোনো বাধা থাকবে না।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, মামলার আপিল শুনানির জন্য এখনো পেপারবুক প্রস্তুত হয়নি। পেপারবুক সম্পন্ন হলে ধারাবাহিকভাবে শুনানি শুরু হবে।
এর আগে, গত ১৬ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই মামলার ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন।
বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, এবং আরও ১৪ জন সদস্যসহ মোট ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আহমেদ মুন্না, আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহা, এবং সদস্য আকাশ হোসেন ও মোয়াজ আবু হোরায়রা—এই পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে।
এই মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয় ১০ ফেব্রুয়ারি, এবং শেষ হয় ২৪ ফেব্রুয়ারি। আপিল বিভাগে শুনানি শেষে আসামিদের ভাগ্য নির্ধারণ হবে।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে সহপাঠীদের নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। পরদিন আবরারের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মাত্র ৩৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে ১৩ নভেম্বর ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান চার্জশিট দাখিল করেন।
এরপর ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

