যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ বুশেহরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী কর্মকর্তারা।
বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে বলেন, “আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুপক্ষের একটি আকাশযান ধ্বংস করার সঙ্গে সম্পর্কিত। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
বুশেহর অঞ্চলটি ইরানের গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা হিসেবে পরিচিত। এর আগেও সেখানে বিদেশি ড্রোন ধ্বংসের ঘটনা ঘটেছে।
এর আগে একই দিনে ইরানের দক্ষিণাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরও প্রকাশ করে তাসনিম নিউজ। সংবাদমাধ্যমটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতেই ওই মিসাইল ছোড়া হয়েছিল।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

