যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার বিভিন্ন এলাকায় চালানো বিমান ও ড্রোন হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, টায়ার শহরের উত্তরে আল-বাকবুক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং দুজন আহত হন। উদ্ধারকর্মীরা চারটি মরদেহ উদ্ধার করলেও ধ্বংসস্তূপের নিচে আরও একজন নারীর মরদেহ আটকা রয়েছে বলে জানা গেছে।
নাবাতিয়া জেলার সিয়ের আল-গারবিয়া এলাকায় একটি আবাসিক ভবনে পৃথক হামলায় অন্তত নয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া রাশায়া আল-ওয়াদি জেলার আল-রাফিদ এলাকায় ভোরে চালানো আরেকটি হামলায় একজন নিহত এবং একজন আহত হন। একই দিনে আল-শাহাবিয়া এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে, যেখানে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
টায়ার জেলার আল-হুশ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন। অন্যদিকে দেইর কানুন এন-নাহর এলাকায় রাতভর হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সেখানে চারজন নিহত হন বলে জানিয়েছে এনএনএ।
প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার গভীর রাতে কাফার এলাকায় ইসলামিক হেলথ অথরিটির সঙ্গে যুক্ত একটি সিভিল ডিফেন্স দলের ওপরও হামলা চালানো হয়। আহতদের উদ্ধারে কাজ করার সময় ওই দলের সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হলে কয়েকজন উদ্ধারকর্মী আহত হন।
চলমান হামলায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

