মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চার দিনের ভারত সফরে আজ শনিবার সকালে কলকাতায় পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ভারত সফর।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, সফরের প্রথম দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন রুবিও। এছাড়া রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সফরের অংশ হিসেবে আগ্রা ও জয়পুর সফরের সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার সফর প্রসঙ্গে রুবিও বলেন, “ভারতের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। ভারত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ও অংশীদার। দুই দেশের মধ্যে বহু গুরুত্বপূর্ণ সহযোগিতা চলমান রয়েছে, তাই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশ্লেষকদের ধারণা, সফরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, জ্বালানি সরবরাহ পরিস্থিতি এবং ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ইস্যুতে আলোচনা হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয়েই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা সফর করলেন।
সূত্র: এনডিটিভি
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

