ইরানকে ঘিরে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি।”
তিনি দাবি করেন, ইরান এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। ট্রাম্পের ভাষায়, “তারা খুব খারাপভাবে একটি চুক্তি করতে চায়। তারা এই পরিস্থিতিতে ক্লান্ত।”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “তাদের মাথায় পারমাণবিক অস্ত্রের চিন্তা রয়েছে, আর আমরা তাদের কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেবো না।”
ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রেখেছে। তিনি বলেন, “আমরা দারুণ কাজ করেছি। আমার মনে হয়, খুব দ্রুতই সব শেষ হয়ে যাবে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না এবং আশা করি বিষয়টি খুব সুন্দরভাবেই সমাধান হবে।”
এদিকে, ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট মঙ্গলবার একটি ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে।
প্রস্তাবটিতে বলা হয়েছে, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানো যাবে না।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

