পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে আগামী ১৮ মে (সোমবার) এবং সে অনুযায়ী দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে (বুধবার)।
রোববার (১৭ মে) রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর।
দেশটির বার্তা সংস্থা আনতারার প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার ৮৮টি ভিন্ন স্থানে পরিচালিত চাঁদ দেখার কার্যক্রম এবং জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব-নিকাশ পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর বলেন, “চাঁদের হিসাব ও পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে ১৪৪৭ হিজরি সনের ১ জিলহজ হবে ১৮ মে। ফলে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে।”
তিনি জানান, নতুন চাঁদের অবস্থান ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ধর্মমন্ত্রীদের নির্ধারিত মানদণ্ড অতিক্রম করেছে। ওই মানদণ্ড অনুযায়ী, চাঁদের উচ্চতা কমপক্ষে ৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব হতে হবে অন্তত ৬ দশমিক ৪ ডিগ্রি।
বৈঠকে আলেম-ওলামা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, জ্যোতির্বিজ্ঞানী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এর আগে ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন ‘মুহাম্মাদিয়াহ’ও জানিয়েছিল, দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। সংগঠনটির হিসাব অনুযায়ী, ৯ জিলহজ বা আরাফাত দিবস হবে ২৬ মে (মঙ্গলবার)।
মুহাম্মাদিয়াহ জানিয়েছে, তারা ‘সিঙ্গেল গ্লোবাল হিজরি ক্যালেন্ডার’ অনুসরণ করে বৈশ্বিক জ্যোতির্বিজ্ঞানভিত্তিক গণনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

