যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গভীর আস্থার সংকট রয়েছে, যা ‘এক রাতে’ দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে ইরান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী— এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
মঙ্গলবার(১৪ এপ্রিল) ওয়াশিংটনে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভ্যান্স বলেন, “ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অবশ্যই বড় ধরনের আস্থার ঘাটতি রয়েছে। এটি রাতারাতি দূর হবে না। তবে তারা যে আমাদের সঙ্গে চুক্তিতে আসতে চায়, সেটি ইতিবাচক। বর্তমান অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট।”
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। টানা প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে যায় ওয়াশিংটন ও তেহরান।
এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিচুক্তিতে রূপ দিতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিদল। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জে ডি ভ্যান্স, আর ইরানের পক্ষে নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
দীর্ঘ প্রায় ২২ ঘণ্টার আলোচনা হলেও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে দুই পক্ষের।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অবিশ্বাস ও ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের উন্নতি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া, যেখানে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টাই হতে পারে একমাত্র পথ।
সূত্র: রয়টার্স
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

