যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (১০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।
তবে সম্ভাব্য এই সংলাপ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূল জটিলতা লেবানন ইস্যুতে। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির সময় মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছিলেন, এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও থাকবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা অস্বীকার করেন।
এরপর লেবাননে ইসরায়েলি হামলায় দুই শতাধিক মানুষ নিহত এবং প্রায় ১ হাজার ২০০ জন আহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এই প্রেক্ষাপটে ইরান শর্ত দিয়েছে—যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এ বিষয়ে এখনো কোনো সমাধান হয়নি।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’ দাবি করেছে, ইরান ইতোমধ্যে ইসলামাবাদের সংলাপ স্থগিত করেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

