কুয়েতের একটি তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা। হামলার পর শোধনাগারটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত কুনার প্রতিবেদনে বলা হয়, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীন মিনা আল-আহমাদি শোধনাগার লক্ষ্য করে সকালে ড্রোন হামলা চালানো হয়। এতে শোধনাগারের একাধিক ইউনিটে আগুন ধরে যায়। পরে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তবে তাৎক্ষণিকভাবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের নাম উল্লেখ করা হয়নি।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।
ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের বরাতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করা হয়—ইরানের মধ্যাঞ্চলে আকাশপথে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে আঘাত করা হয় এবং সেটি “সম্পূর্ণ ধ্বংস” হয়ে গেছে।
অন্যদিকে আরেক ইরানি সংবাদমাধ্যম মেহের জানায়, ওই ঘটনায় পাইলট বিমান থেকে বের হতে পেরেছেন কি না, তা স্পষ্ট নয়। তাদের ধারণা, বিমানটি দ্রুত বিধ্বস্ত হওয়ায় পাইলটের বের হয়ে যাওয়ার সুযোগ নাও থাকতে পারে।
সূত্র: এএফপি
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

