যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫ ‘লাইটনিং-২’ স্টেলথ যুদ্ধবিমান নেভাডা অঙ্গরাজ্যে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ এলাকায় বিমানটি আছড়ে পড়ে। তবে সময়মতো ইজেক্ট করার কারণে পাইলট প্রাণে বেঁচে গেছেন।
মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পাইলটকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেটি মূলত সামরিক প্রশিক্ষণ ও পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার জন্য সংরক্ষিত, যা সাধারণ জনবসতি থেকে দূরে অবস্থিত। ফলে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
নেলিস বিমানঘাঁটির জনসংযোগ দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তে একটি বিশেষ বোর্ড গঠন করা হয়েছে। তারা ফ্লাইট ডেটা বিশ্লেষণ করে প্রযুক্তিগত ত্রুটি, মানবিক ভুল বা পরিবেশগত কারণ আছে কিনা তা খতিয়ে দেখবে।
এফ-৩৫ লাইটনিং-২ যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টিরোল যুদ্ধবিমান, যা আকাশযুদ্ধ, স্থল হামলা এবং নজরদারি মিশনে ব্যবহৃত হয়। অত্যাধুনিক প্রযুক্তি সত্ত্বেও এই সিরিজের বিমানে অতীতেও কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে সামরিক সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

