ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান সংঘাত ও হরমুজ প্রণালীর সম্ভাব্য বন্ধের প্রেক্ষাপটে ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতা বর্তমানে “আসন্ন বিপদের” মুখে রয়েছে। আগামী এক বছরের জন্য কার্যকর এই জরুরি অবস্থার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থাকে অস্থির করেছে। এর ফলে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং দেশটির জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
মার্কোস বিশেষ কমিটি গঠন করেছেন, যা জ্বালানি তেল, খাদ্য, ওষুধ ও কৃষিপণ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও বণ্টন নিশ্চিত করবে।
গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে:
- জ্বালানি সাশ্রয়ে কঠোর ব্যবস্থা কার্যকর করা।
- পরিবহন খরচ কমাতে জ্বালানিতে ভর্তুকি ও অন্যান্য উদ্যোগ নেওয়া।
- তেলের মজুতদারি, অতিরিক্ত মুনাফা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
সদ্য ঘোষিত পদক্ষেপের অংশ হিসেবে মোটরসাইকেল ট্যাক্সিচালক ও পরিবহন কর্মীদের জন্য ৫ হাজার পেসো (প্রায় ৮৩ ডলার) সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া কৃষক, জেলে ও অন্যান্য শ্রমজীবী মানুষের জন্যও বিশেষ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সূত্র: সিএনএন
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

