মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে জাপান ও অস্ট্রেলিয়া।
জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি জানিয়েছেন, তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিতে হরমুজ প্রণালিতে নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা বর্তমানে টোকিওর নেই। পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং জাপান তাদের আইনি কাঠামোর মধ্যে কী করা সম্ভব তা পর্যালোচনা করছে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কাছে সহায়তা চাওয়ার প্রেক্ষাপটে জাপানের এই অবস্থান সামনে এসেছে।
এদিকে একই ধরনের অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা অস্ট্রেলিয়ার নেই।
তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের বিষয়ে অস্ট্রেলিয়া তাদের অবস্থান পরিষ্কার করেছে। তবে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা সহায়তায় কিছু বিমান সরবরাহ করা হচ্ছে, বিশেষ করে ওই অঞ্চলে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে।
ক্যাথেরিন কিং আরও বলেন, হরমুজ প্রণালি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য অস্ট্রেলিয়াকে অনুরোধ করা হয়নি এবং দেশটি এমন কোনো পদক্ষেপও নিচ্ছে না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

