ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রায় আড়াই হাজার মার্কিন স্থলসেনা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রওনা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ অভিযানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর একটি ইউনিট অংশ নিচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা জাপানের ওকিনাওয়ায় অবস্থিত তাদের ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছে। তাদের সঙ্গে রয়েছে উভচর আক্রমণ সক্ষম যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি।
প্রতিবেদন অনুযায়ী, এই যুদ্ধজাহাজ থেকে মেরিন সেনাদের সরাসরি সংঘাতপূর্ণ এলাকায় মোতায়েন করা হতে পারে। সম্ভাব্য সংকট মোকাবিলা কিংবা প্রয়োজন হলে ইরানের কোনো অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযানে তাদের ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এটি ইরানকে ঘিরে মার্কিন-ইসরায়েল জোটের অভিযানে প্রথমবারের মতো মার্কিন স্থলসেনা মোতায়েনের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যদিও মেরিন বাহিনী সমুদ্র ও স্থল—উভয় পরিবেশেই অভিযানে সক্ষম।
বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ থেকে ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে। এতে করে সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

