অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে। ওই দিনটি হবে ১৪৪৭ হিজরি সনের ১ শাওয়াল।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে।
কাউন্সিল জানিয়েছে, চাঁদ দেখার ক্ষেত্রে কেবল অস্ট্রেলিয়ার আকাশের পরিস্থিতি নয়, বিশ্বের অন্যান্য অঞ্চল বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। এর পরদিন দেশটির মুসলিম সম্প্রদায় ঈদুল ফিতর উদযাপন করবেন।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আরও জানিয়েছে, রমজান মাসের শুরু ও শেষ নির্ধারণ এবং শাওয়াল মাসের সূচনা নির্ধারণে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও ফতোয়া কাউন্সিল নির্দিষ্ট বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করে। এর মধ্যে রয়েছে সূর্যাস্তের আগে নতুন চাঁদের জন্ম, সূর্যাস্তের পর আকাশে চাঁদ দৃশ্যমান থাকার সময় এবং স্থানীয় ও আঞ্চলিকভাবে চাঁদ দেখার সম্ভাবনা।
কাউন্সিলের মতে, এ ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি বিশ্বের বিভিন্ন ইসলামি গবেষণা প্রতিষ্ঠান ও ফিকহভিত্তিক সংগঠনও অনুসরণ করে থাকে, যা চাঁদ দেখার বিষয়ে একটি সুসংগঠিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
সূত্র: গালফ নিউজ
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

