ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন—এমন দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এই দাবির পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে মূলত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচিত স্কট রিটার নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের পোস্টের উল্লেখ করেছে। ওই পোস্টে দাবি করা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং সেখানে উপস্থিত বেন-গিভর আহত হন।
তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি সত্যিই স্কট রিটার পরিচালনা করেন কি না, কিংবা সেটি ভুয়া কি না—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফার্সি ভাষার সংবাদমাধ্যম তাসনিম তাদের প্রতিবেদনে হামলার কোনো ছবি, ভিডিও বা ক্ষয়ক্ষতির নিশ্চিত প্রমাণও প্রকাশ করেনি। বরং নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও বার্তার অনুপস্থিতি, তার বাসভবনের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং কিছু কূটনৈতিক সফর স্থগিত হওয়ার মতো কয়েকটি পরিস্থিতিগত তথ্য উল্লেখ করা হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সরকারি রেকর্ড অনুযায়ী, নেতানিয়াহুর সর্বশেষ বিবৃতি প্রকাশিত হয়েছিল ৭ মার্চ, যখন তিনি ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে যান।
উল্লেখ্য, এর আগেও ইরানি কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি করেছিল। গত ২ মার্চ কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। তবে পরে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ওই দাবিকে ভিত্তিহীন বা গুজব বলে উল্লেখ করে।
সূত্র: জেরুজালেম পোস্ট।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

