ভারত মহাসাগরে শ্রীলঙ্কার সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের কাছে ডুবতে থাকা একটি ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। উদ্ধার অভিযানটি পরিচালিত হয় বুধবার (৪ মার্চ) ভোরে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ পার্লামেন্টে জানান, ইরানের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’ আকস্মিক বিপদের মুখে পড়ে সাহায্যের সংকেত পাঠায়। এরপর শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও একটি বিমান দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয়।
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে কয়েকজন আহত ছিলেন। তাদের দেশটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও বলেন, যুদ্ধজাহাজটি কী কারণে ডুবতে শুরু করে— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রায় ১৮০ জন নাবিক ও কর্মকর্তা বহনকারী ইরানি ফ্রিগেটটি ভোরের দিকে বিপৎসংকেত পাঠায়। পরে শ্রীলঙ্কার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়।
এদিকে পার্লামেন্টে বিরোধী দলের এক সদস্য প্রশ্ন তোলেন, চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে জাহাজটি কোনো হামলার শিকার হয়েছিল কি না। তবে এ বিষয়ে শ্রীলঙ্কা সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী অনুসন্ধান ও উদ্ধার দায়িত্বের অংশ হিসেবেই তারা এ অভিযানে সাড়া দিয়েছেন।
তিনি জানান, রাজধানী কলম্বো থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি হাসপাতালকে আগেই সতর্ক রাখা হয়েছিল, যাতে উদ্ধার হওয়া নাবিকদের চিকিৎসা দেওয়া যায়।
ঘটনাটি ঘিরে ভারত মহাসাগরীয় অঞ্চলে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

