যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান ইসরায়েলের দিকে পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলের বেইত শেমেশের একটি আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে অন্তত ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। খবর জানায় টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেইত শেমেশের কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ধ্বংসস্তূপে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।
এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা হয়। হামলার লক্ষ্য ছিল মূলত ইরানের শীর্ষ নেতৃত্ব। এতে নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রাহিম মুসাভি এবং বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুর।
ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, যৌথ হামলায় দেশটিতে বেসামরিক নিহতের সংখ্যা অন্তত ২০১ এবং আহতের সংখ্যা ৭৪৭।
ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

