বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণেই এই অবস্থান নিয়েছে পাকিস্তান।
ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। সেই সময় থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ না নেওয়ার ঘোষণা দেয় দেশটি।
প্রথমদিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি পাকিস্তান। তবে বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টি স্পষ্ট করেন।
বৈঠকে তিনি বলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান সুস্পষ্ট অবস্থান নিয়েছে। তার ভাষায়, খেলার মাঠে রাজনীতির স্থান নেই এবং সে কারণেই ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেহবাজ শরীফ আরও বলেন, বাংলাদেশকে যেভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানানো জরুরি ছিল। বাংলাদেশের পাশে দাঁড়ানোকে পাকিস্তান দায়িত্ব হিসেবে বিবেচনা করেছে এবং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটকে তিনি সময়োপযোগী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা ওই ম্যাচে অংশ নেবে না।
এদিকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পাকিস্তানকে এ সিদ্ধান্তের বিষয়ে সতর্ক করেছে। সংস্থাটি জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে পাকিস্তানকে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

