ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে তিন শতাধিক যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪৩ জন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। ‘ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি বাসিলান প্রদেশের জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও অঞ্চলের জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
ফিলিপাইনের কোস্ট গার্ড জানায়, ফেরিটিতে নথিভুক্ত যাত্রী ছিলেন ৩৩২ জন এবং ক্রু সদস্য ছিলেন ২৭ জন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার সময় আবহাওয়া অনুকূলে থাকায় প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
দ্বীপপ্রধান দেশ ফিলিপাইনে যাত্রী ও পণ্য পরিবহনে ফেরি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে যুক্ত হয় মাছ ধরার নৌকা, নৌবাহিনীর জাহাজ, নজরদারি বিমান ও হেলিকপ্টার।
দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ জানান, এ পর্যন্ত ১৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, দ্বীপবহুল ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০২৩ সালে দেশটির দক্ষিণাঞ্চলে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন নিহত হন। আর ১৯৮৭ সালের ডিসেম্বরে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে ‘ডোনা পাজ’ নামের একটি ফেরি ডুবে চার হাজার ৩০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে, যা ইতিহাসের ভয়াবহতম সামুদ্রিক দুর্ঘটনাগুলোর একটি হিসেবে পরিচিত।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

