ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (২৪ জানুয়ারি) ভোরের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, রাজধানীতে চালানো হামলায় দুইজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, দিনিপ্রো নদীর দুই তীরের অন্তত দুটি জেলায় হামলার ঘটনা ঘটেছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি কিয়েভকে ‘ব্যাপক শত্রু আক্রমণের’ মুখে পড়েছে বলেও উল্লেখ করেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাজধানী লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, অন্তত তিনটি জেলায় ড্রোন আঘাত হানে, যার ফলে দুইটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অন্যদিকে রাশিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত খারকিভ শহরেও একাধিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। শহরটির মেয়র ইহোর তেরেখভ জানান, সেখানে ১১ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, হামলায় বাস্তুচ্যুতদের একটি আবাসিক ডরমিটরি, একটি হাসপাতাল এবং একটি মাতৃসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দিনের আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটলো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

