AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করলেন ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪৫ এএম, ১৪ জানুয়ারি, ২০২৬

ইরানের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করলেন ট্রাম্প

ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও দমন-পীড়নের প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসবেন না। পোস্টে তিনি আরও লেখেন, “সাহায্য আসছে”—তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প দাবি করেন, ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে বিক্ষোভকারীদের ‘নির্মমভাবে হত্যা’ করা হচ্ছে। তিনি ইরানের জনগণকে উদ্দেশ করে বলেন, “প্রতিবাদ চালিয়ে যান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখলে নিন। যারা হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করুন। তাদের বড় মূল্য দিতে হবে।”

এদিকে, গত কয়েকদিন ধরেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, আলোচনার আগেই ইরানের ওপর হামলা চালানোর প্রয়োজন হতে পারে।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। সোমবার ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর পরদিন মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সতর্কতা জারি করে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানায়।

সাংবাদিকদের পক্ষ থেকে ‘সাহায্য আসছে’ মন্তব্যের অর্থ জানতে চাওয়া হলে ট্রাম্প স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “আপনাদেরই সেটা খুঁজে বের করতে হবে।”

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে। সেই হুঁশিয়ারির পর তেহরানের পক্ষ থেকে আলোচনার আগ্রহ দেখানো হলেও ট্রাম্প জানান, পরিস্থিতি বিবেচনায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মুদ্রার মূল্যপতন ও তীব্র মূল্যস্ফীতির প্রভাবে গত ডিসেম্বর থেকে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা ধীরে ধীরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতায় সরকারি হিসেবে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

সূত্র: আল জাজিরা

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!