AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে এবার সরকারপন্থী সমাবেশে হাজারো মানুষের ঢল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৩৬ পিএম, ১২ জানুয়ারি, ২০২৬

ইরানে এবার সরকারপন্থী সমাবেশে হাজারো মানুষের ঢল

ইরানের রাজধানী তেহরানে সরকারের সমর্থনে ব্যাপক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রস্থল এনগেলাব (বিপ্লব) স্কয়ারে আয়োজিত এই সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন। সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণ এবং সরকারের প্রতি সংহতি জানাতে এ আয়োজন করা হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, জাতীয় পতাকা হাতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এনগেলাব স্কয়ার পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সরকারপক্ষ থেকে চলমান সরকারবিরোধী আন্দোলনকে বিদেশি মদদে সংগঠিত ‘দাঙ্গা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আহ্বানে তেহরানের পাশাপাশি দেশের বিভিন্ন শহরেও একই ধরনের সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গত দুই সপ্তাহে ইরানে চলমান বিক্ষোভ ও দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। একই সময়ে সরকারি অভিযানে শত শত বিক্ষোভকারীও গুলিতে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর আলোচনায় আগ্রহের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকলেও আলোচনার পথ বন্ধ করেনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে আরাঘচি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, তবে আত্মরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনায় বসতে ইরান প্রস্তুত।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাম্প্রতিক পরিস্থিতিকে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য অনুযায়ী, ইরান বর্তমানে অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, সামরিক ও সন্ত্রাসবিরোধী—এই চারমুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে।

গালিবাফ বলেন, ইরানি জাতি কখনোই শত্রুদের লক্ষ্য পূরণ করতে দেয়নি। তার বক্তব্য চলাকালে সমাবেশে অংশ নেওয়া লোকজনকে ‘ইসরায়েলের মৃত্যু’ ও ‘আমেরিকার মৃত্যু’ স্লোগান দিতে শোনা যায়।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে নতুন কোনো হামলা হলে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে কঠোর জবাব দেবে, যা তারা ভুলতে পারবে না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!