AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২১


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৩৭ পিএম, ৩ জুন, ২০২৬

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২১

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হাসপাতালের কাছাকাছি অবস্থানের কারণে চিকিৎসাসেবার উদ্দেশ্যে আসা দেশি-বিদেশি অনেক মানুষ ওই হোটেলে অবস্থান করছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ভবন ‘ফ্লোরিশ স্টে’-এর বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ‘মিকাসা ইন’ হোটেলেও।

রেস্তোরাঁর কর্মী কেসার সিং জানান, একটি বৈদ্যুতিক চুলা চালু করার চেষ্টা করার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই পুরো ভবন ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কিছু মানুষ ভবনের ওপরের তলা থেকে নিচে লাফ দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হৌজ রানি এলাকার সরু গলিতে অবস্থিত হোটেলটিতে দুর্ঘটনার সময় প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। দক্ষিণ দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের নিকটবর্তী হওয়ায় চিকিৎসার জন্য আসা অনেক রোগী ও তাদের স্বজন সেখানে থাকতেন।

ঘটনার পর তদন্তে হোটেলটির বিরুদ্ধে বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রশাসনের দাবি, প্রতিষ্ঠানটিকে মাত্র ছয়টি কক্ষ পরিচালনার অনুমতি দেওয়া হলেও তারা বেসমেন্টসহ মোট ২৫টি কক্ষ ব্যবহার করছিল। এছাড়া ভবনে প্রবেশ ও বের হওয়ার জন্য কার্যত একটি মাত্র পথ ছিল, যা জরুরি পরিস্থিতিতে বড় ঝুঁকি তৈরি করেছে।

হোটেলটির অগ্নিনিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্রুত পদক্ষেপের কারণে অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক তদারকি করছে।

সূত্র: এনডিটিভি

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!