দেশজুড়ে বাড়তে থাকা হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে উচ্চ ঝুঁকিতে থাকা ১৮ জেলার ৩০টি উপজেলায় এ কার্যক্রম চালানো হচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এই টিকার আওতায় থাকবে। আগে টিকা নেওয়া থাকলেও এই ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা নেওয়া যাবে।
তবে অসুস্থ শিশুদের এ টিকা দেওয়া হবে না বলে জানান মন্ত্রী। একই সঙ্গে হামে আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথাও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘প্রথম ধাপে সারা দেশে নয়, বরং যেসব এলাকায় সংক্রমণ বেশি—সেসব ৩০টি উপজেলায় এই কর্মসূচি চালানো হচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও তা সম্প্রসারণ করা হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই জরুরি ভিত্তিতে এই বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

