দেশজুড়ে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বজ্র ও শিলাবৃষ্টির প্রবণতার মধ্যে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, চলতি এপ্রিল মাসে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, মাসজুড়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে, এপ্রিলজুড়ে ২ থেকে ৪টি মৃদু (৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০–৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও গরমের তীব্রতা বাড়তে পারে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

