দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় জানানো হয়, রাত সাড়ে ৯টা থেকে শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীবন্দরকে সতর্ক থাকতে এবং ২ নম্বর সংকেত প্রদর্শনের নির্দেশনা দিয়েছে।
এদিকে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় ইতোমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ এলাকা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়ায় রয়েছে। তার মতে, ঝড়টি যশোর হয়ে দেশের অভ্যন্তরে ঢুকে খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলতে পারে।
তিনি আরও জানান, রাতের মধ্যে ঝড়টি বিভিন্ন এলাকায় আঘাত হানতে পারে, তাই সংশ্লিষ্ট এলাকাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

