আগামী ২১ মার্চ, সম্ভবত পবিত্র ঈদুল ফিতরের দিন, দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ মধ্য ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে ঝড়ের প্রভাব পড়তে পারে।
আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ জানান, ঈদের দিন দেশের ওপর দিয়ে দিনে দুইবার শক্তিশালী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সকাল এবং সন্ধ্যার পরে ঝড় আঘাত করতে পারে। তিনি সতর্ক করেছেন যে, ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় সকাল ৭টা থেকে ১০টার মধ্যে অতিক্রম করতে পারে।
তিনি আরও জানান, ঝড়ের মূল উৎস ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্য থেকে তৈরি হয়ে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের বিভিন্ন বিভাগে প্রবেশ করবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে ঝড় এবং বজ্রসহ বৃষ্টির প্রভাব পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে পরবর্তী পাঁচ দিন বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে।
বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকতে এবং আবহাওয়ার আপডেট নিয়মিত দেখতে অনুরোধ জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

